কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, আজ ৭ই মার্চ একটি ঐতিহাসিক দিন। এই ৭ই মার্চ না হলে স্বাধীনতা যুদ্ধ হতো না। স্বাধীনতা যুদ্ধ না হলে আমরা বাংলাদেশ পেতাম না।
আজ শনিবার বিকেলে দিনটি উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছিলিমপুর এলাকায় ইফতার ও দোয়া মাহফিল শেষে কাদের সিদ্দিকী (বীরউত্তম) এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের অনেক দুর্বলতা আছে, সফলতাও আছে। এজন্যে আজ দিনটি উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আমাদের সৌভাগ্য যে, মাহে রমজান মাস চলছে। দেশবাসীর কাছে আহবান করব, বাংলাদেশ থাকলে ৭ই মার্চ থাকবে এবং ৭ই মার্চ থাকলে বাংলাদেশ থাকবে। পৃথিবীর ইতিহাসে বেশ কয়েকটি বক্তৃতার মধ্যে অন্যতম হচ্ছে এই ৭ই মার্চের ভাষণ।
বীরউত্তম কাদের সিদ্দিকী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় ৭ই মার্চের ভাষণ আমরা যখন শুনতাম, আমাদের কাছে মনে হতো প্রত্যেকটি ব্যাপার আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। কোনো দিকে তাকিয়ে কোনো অভাব হতো না। অস্ত্রের দরকার, খাদ্যের দরকার, মানুষকে দেখা-শোনার দরকার, মানুষের পাশে দাঁড়ানোর দরকার সবকিছুর নির্দেশনা ছিলো ওই মহান ভাষণটির মধ্যে।
বঙ্গবীর বলেন, আমার কষ্ট যে, আমরা সত্যকে সত্য বলতে পারিনা। সবাই নিজে করি, মূলত আমরা নিজেরা সবকিছু করতে পারিনা, সবার অবদানকে আমরা যদি স্বীকার করতে পারি তবেই সার্থকতা।
আজকের এই মহান দিনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেনো বঙ্গবন্ধুকে বেহেশতবাসী করেন, আমাদের দেশ এই বাংলাদেশকে রহম ও বরকত দান করেন।
ইফতার ও দোয়া মাহফিলে কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।