টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুই জনের মৃত্যু। মরদেহ গুলো তাদের বাড়িতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাদের মৃত্যু হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন, ছিলিমপুর চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের নাম জোনাব আলী (৬০) ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান (৫৫)। সোমবার দুপুরে শহরের পৌরউদ্যান ও সাবালিয়া এলাকায় তাদের মৃত্যু হয়।নিহত জোনাব আলীর নিকটাত্মীয় আল-আমীন জানান, জোনাব আলী একজন কৃষক। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ মিছিলে যাওয়ার সময় তাকে বারণ করা হয়েছিলো। তারপরও তিনি মিছিলে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় জোনাব আলীর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আব্দুর রাজ্জাক জানান, জিয়াউর রহমান ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মিছিলে গিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তার ছেলে দুবাই থাকেন। সেখান থেকে ছেলে আসার পর তার জনাযা হবে।নিহতদের স্বজনরা জানান, বেলা ১১ টায় স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের মিছিল ছিলো। সেখানে প্রথমে জোনাব আলী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে মিছিলটি সাবালিয়া এলাকায় পৌছলে জিয়াউর রহমান অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমানের হার্টে সমস্যা ও ডায়াবেটিক ছিলো।
স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আজকে আমার গণমিছিল ছিলো। সেখানে প্রত্যেক এলাকা থেকে লোকজন এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে আমার দুই কর্মী মৃত্যুবরণ করেছেন। পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন বলেন, মিছিলে এসে জোনাব আলী ও জিয়াউর রহমান নামে দুজন মৃত্যুর খবর পেয়েছি। তাদের উভয়ের বয়স ষাটোর্ধ। অসুস্থ্যতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। জোনাব আলীর ডায়াবেটিস নীল হয়ে গিয়েছিলো ও জিয়াউর রহমান গরমে ক্লান্ত হয়ে স্টোক করে মারা গেছেন।