টাঙ্গাইল স্টেডিয়ামে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট (অনুর্দ্ধ-১৪) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নর্থ ডিভিশনের কোচ আরাফাত রহমান, সাবেক ক্রিকেটার অরন্দিম পাল লিটন, রিপন কুমার সরকার, মির্জা মাসুদুর রহমান খোকন, উত্তম সরকার, নির্মল চন্দ্র ভৌমিক ছাড়াও জামালপুর ও ময়মনসিংহের কোচ ও ম্যানেজার।
টাঙ্গাইল ভেন্যুতে ময়মনসিংহ জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল ৪ উইকেটে নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দলকে হারিয়ে শুভ সূচনা করেছে। টসে হেরে জামালপুর জেলা (অনুর্দ্ধ-১৪) ১১০ রান করে অলআউট হলে ময়মনসিংহ জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে জয়লাভ নিশ্চিত করে।
ময়মনসিংহ ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল ৮ উইকেটে নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দলকে হারিয়েছে। খেলার শুরুতে নেত্রকোনা ১০ উইকেট হারিয়ে মাত্র ৭১ রান করে। টাঙ্গাইল জেলার দলের পক্ষে রেহান ১১ রানে ৪টি এবং ঈশান ৬ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে টাঙ্গাইল জেলা ২ উইকেট হারিয়ে ৭২ রান করে জয়লাভ নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে কনক অপরাজিত ৩৩ রান করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নর্থ ডিভিশনের ৩টি ভেন্যুতে ৯টি জেলা অংশগ্রহন করছে। ৩টি ভেন্যুর ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে “এ” গ্রুপে টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা। “বি” গ্রুপে জামালপুর ভেন্যুতে নরসিংদী, মানিকগঞ্জ ও শেরপুর এবং “সি” গ্রুপে টাঙ্গাইল ভেন্যুতে ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুর জেলা মুখোমুখি হচ্ছে। ৩টি ভেন্যুর চ্যাম্পিয়ন এবং সেরা ১টি রানার্সআপ দল নিয়ে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা ময়মনসিংহ মাঠে অনুষ্ঠিত হবে।