টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে। গতকাল রোববার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ- পরিচালক মাহফুজুল আলম মাসুম এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেন।
জানা যায়, গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তাদের অনুপস্থিত দেখিয়ে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে মার্মে যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ ২০২৪ সালের ২৭ নভেম্বর ১৩ ইউনিয়নের চেয়ারম্যানকে বাতিলদ করে প্রতি ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়।
পরে ওই ইউপি চেয়ারম্যানরা উক্ত আদেশ বাতিলের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৪ নভেম্বর গত ২০২৪ সালের ২৭ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের দেওয়া আদেশ বাতিল করে ১৩ চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহালের আদেশ প্রদান করেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহফুজুল আলম মাসুম এক পত্রের মাধ্যমে ১৩টি ইউনিয়নের প্রশাসক বাতিল করে ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল করে তা বাস্তবায়নের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে পত্র প্রদান করেন।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে দেওয়া ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক ১৩ জন ইউপি চেয়ারম্যানকে পুনর্বহালের আদেশ দেওয়া হয়।
আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান বলেন, আমরা হাইকোর্টে রিট করেছিলাম সেটার প্রেক্ষিতে পরিপত্র জারি করেছে। আমরা আবার আমাদের স্বপদে বহাল হলাম। আমরা আইনের প্রতি সম্মান জানিয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক তাদের পুনর্বহাল করা হয়েছে। পুনর্বহালকৃত সকল চেয়ারম্যান তাদের কার্যক্রম পরিচালনা করছেন।