ঢাকা | 05 March 2026

সখীপুরের মাটি যাচ্ছিল মির্জাপুরে, চারজনকে ৬ মাসের কারাদণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Mar 5, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুর ও মির্জাপুর উপজেলার সীমান্ত এলাকায় মাটি ব্যবসায়ী একটি চক্র তান্ডব চালাচ্ছিল। তাঁরা খননযন্ত্র (ভেকু) দিয়ে রাতের আঁধারে সখীপুরের ইন্নতখাঁ চালা গ্রামের লালমাটি কেটে মির্জাপুরের বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিল। এ ঘটনায় মঙ্গলবার রাতে যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজও উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখাঁ চালা গ্রামের মৃত রহম আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪২), মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), বাঁশতৈল আমতৈলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন মিয়া (২২) ও বেলতলী গ্রামের নুরুল ইসলাম মল্লিকের ছেলে আলামিন মল্লিক (২৪)। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী প্রগতির আলোকে বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চারজনকে ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সখীপুরের লালমাটির টিলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ