আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে সাজ সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এটি দেশে তাঁর দ্বিতীয় জেলা সফর এবং টাঙ্গাইলে প্রথম আগমন। আগামী মঙ্গলবার সকাল ১০টায় টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরন করবেন তিনি।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখতে যান টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল আগমনকে কেন্দ্র করে মানুষের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে মাওলানা ভাসানীর স্মৃতিধন্য টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির ঐতিহাসিক উদ্বোধন করবেন। সেখানে তিনি এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। ভাষণ শেষে দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। স্টেডিয়াম মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।