টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক নারী প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই নারী মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার একটি কারখানায় চাকুরী করেন। গত বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তাঁর প্রেমিক নুরুল হকের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে যান। এ সময় নুরুলের সহযোগী মালেক মিয়া ও অজ্ঞাত এক ব্যাক্তি ছিলেন। তারা তাকে দলবদ্ধভাবে ধর্ষন করে। আহত অবস্থায় সন্ধ্যার কিছু আগে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে নারীটি বাড়ি ফিরেন। এ সময় তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। পরে বাড়ির লোকজন তাঁকে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেন। সেখান থেকে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) মো. সুমন জানান, ওই নারী বেড়াতে গিয়ে গাজীপুুরের কোন এক বাসায় ধর্ষণের শিকার হন। ঘটনায় অভিযুক্ত নুরুল হক ও মালেক মিয়া নামে দুইজনের পরিচয় জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী অচেতন রয়েছে। জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।