টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল শিকদারকে (৪২) গ্রেপ্তারের পর তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হওয়া হেলাল শিকদার উপজেলার বহেরাতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং ওই ইউনিয়নের বেতুয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ অক্টোবর বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের কথিত সাধারণ সম্পাদক হেলাল শিকদার গাঁজাসহ গ্রেপ্তার হয়। এই খবর আমাদের দৃষ্টিগোচর হলে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, সে (হেলাল শিকদার) আমাদের বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ছিল। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের পক্ষে নির্বাচন না করে হরিণ মার্কার নির্বাচন করায় তাঁকে ওই সময়ই দল থেকে মৌখিকভাবে বাদ দেওয়া হয়। প্রকৃতপক্ষে সে (হেলাল শিকদার) বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নয়।
ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার সখীপুর উপজেলা কৃষক দল নিবেনা। তাঁর এই অনৈতিক কাজের জন্য কৃষক দল থেকে তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, গত রোববার ভোররাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া এলাকা থেকে কৃষক দল নেতা হেলাল শিকদার (৪২), তাঁর দুই সহযোগী ময়মনসিংহ সদর উপজেলার কাউনিয়া এলাকার আসাদুজ্জামানের ছেলে আশরাফুল আলম (৩৯) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার নান্নু মিয়ার ছেলে রাজু ইসলামকে (৩০) গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গ্রেপ্তারকৃতদের সখীপুর থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।