টাঙ্গাইল সদর উপজেলার বাতিঘর আদর্শ পাঠাগারে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত কিশোরীদের মাঝে বিনামূলে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে ইনার হুইল ক্লাব অব ইমপেরিয়া ঢাকার উদ্যোগে অর্ধশতাধিক কিশোরীর মাঝে এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
এ সময় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বয়ঃসন্ধিকাল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌন সহিংসতার বিষয়ে কিশোরী ও তাদের অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলেচনা করা হয়। ইনার হুইল ক্লাব অব ইমপেরিয়া ঢাকা এর সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ এ বিষয়ে বক্তব্য রাখেন।
দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মাঝে পিরিয়ডকালীন সুরক্ষা বিষয়ক নানা দিক-নির্দেশনা মূলক পরামর্শ দেন তারা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। আরো উপস্থিত ছিলেন পাঠাগারের সহকারী লাইব্রেরিয়ান সীমা আক্তার, পাঠাগারের সদস্য জাহিদ হাসান, রাকিব হোসেন, মোঃ হেলাল ও অন্যান্য পাঠক সদস্যবৃন্দ।
ইনার হুইল ক্লাব অব ইমপেরিয়া ঢাকা এর সভাপতি হ্যাপি নজরুল বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা ও জনসেবামূলক কাজ করার চেষ্টা করছি। এর ধারাবাহিকতায় আজ বাতিঘর আদর্শ পাঠাগারে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলাম। আশাকরি এতে প্রত্যন্ত এলাকার নারীরা উপকৃত হবেন।