মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ
ত্রিশাল, ১৩ নভেম্বর ২০২৬: ময়মনসিংহের ত্রিশালে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক প্রক্রিয়াগত কার্যক্রম শুরু করেছে সরকার। প্রস্তাবিত বিমানবন্দরের কারিগরি সক্ষমতা, রানওয়ের অবস্থান ও দৈর্ঘ্য, উড়োজাহাজের অবতরণ পথ, পরিচালন সক্ষমতা এবং সামগ্রিক অবকাঠামোগত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলনকক্ষে ‘আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, ত্রিশালকে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় নিয়ে সরকার পরিকল্পিতভাবে প্রাথমিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তবে বড় ধরনের অবকাঠামো নির্মাণের আগে এর কারিগরি, অর্থনৈতিক ও ভৌগোলিক উপযোগিতা সম্পর্কে বিস্তারিত সমীক্ষা সম্পন্ন করা হবে।
সমীক্ষায় বিমানবন্দরের সম্ভাব্য ধারণক্ষমতা, একসঙ্গে কতটি উড়োজাহাজ পরিচালনা করা যাবে, রানওয়ের সংখ্যা ও দৈর্ঘ্য, উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নের উপযোগী দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামোর বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
বিমান মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণে প্রাথমিকভাবে প্রায় ২ হাজার একর জমির প্রয়োজন হতে পারে। পাশাপাশি ঢাকার বিদ্যমান বিমানবন্দর থেকে প্রস্তাবিত নতুন বিমানবন্দরের দূরত্ব কমপক্ষে ১০০ কিলোমিটার হওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এসব বিবেচনায় ত্রিশালের ভৌগোলিক অবস্থানকে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে।
দেশের বিমান যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণে সরকারের অগ্রাধিকার তালিকায় বর্তমানে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প শীর্ষে রয়েছে। প্রকল্পটির প্রস্তুতিমূলক কার্যক্রম তুলনামূলকভাবে এগিয়ে থাকায় সেটি আগে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এরপর আগামী এক থেকে দুই বছরের মধ্যে ত্রিশাল বিমানবন্দর প্রকল্পের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বিমানমন্ত্রী।
তিনি জানান, দেশে আটটি বিমানবন্দর চালু অথবা উন্নয়নের লক্ষ্যে সরকার অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে বগুড়ার প্রকল্পকে প্রথমে এগিয়ে নেওয়া হলেও ত্রিশালের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে দীর্ঘমেয়াদি বিমান অবকাঠামো পরিকল্পনায় ত্রিশাল গুরুত্বপূর্ণ স্থান করে নিচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠিত হলে বৃহত্তর ময়মনসিংহসহ দেশের উত্তর-মধ্যাঞ্চলের যোগাযোগ, শিল্পায়ন, কৃষিপণ্য রপ্তানি, বিনিয়োগ, পর্যটন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
বিশেষ করে কৃষিপ্রধান এ অঞ্চলের উৎপাদিত শাকসবজি, ফলমূল, মৎস্য, ফুল, খাদ্যপণ্য এবং দ্রুত পচনশীল রপ্তানিযোগ্য পণ্য আন্তর্জাতিক বাজারে দ্রুত পরিবহনের সুযোগ সৃষ্টি হতে পারে। আধুনিক কার্গো টার্মিনাল, শীতলীকরণ ও সংরক্ষণব্যবস্থা, কাস্টমস সুবিধা এবং সমন্বিত লজিস্টিকস অবকাঠামো গড়ে তোলা গেলে রপ্তানি বাণিজ্যে যুক্ত হতে পারে নতুন মাত্রা।
এ ছাড়া বিমানবন্দরকে কেন্দ্র করে হোটেল, পর্যটন, পরিবহন, শিল্পপ্রতিষ্ঠান, গুদামজাতকরণ, বাণিজ্যিক কেন্দ্র ও সেবামূলক খাতে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান এবং সড়ক, বিদ্যুৎ, পানি ও অন্যান্য নাগরিক অবকাঠামোর উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে আন্তর্জাতিক পরিচিতিসম্পন্ন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও আলোচনায় এসেছে। বিমানবন্দর নির্মাণের উদ্যোগের সঙ্গে সমন্বয় করে ত্রিশালকে ‘নজরুল সিটি’ ও আধুনিক পর্যটন নগরী হিসেবে বিকশিত করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও গতিশীল হতে পারে।
তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বৃহৎ ও জটিল অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিপুল অর্থায়ন এবং বহুমাত্রিক কারিগরি প্রস্তুতি প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নে ১০ থেকে ১৫ বছর বা তারও বেশি সময় লাগতে পারে। তাই সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি পরিবেশগত প্রভাব, ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন, জলাবদ্ধতা, বিমান চলাচলের নিরাপত্তা, আকাশসীমার উপযোগিতা এবং সড়ক-রেল যোগাযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ার খবরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে পরিকল্পনাটিকে বাস্তব প্রকল্পে রূপ দিতে সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত সম্পন্ন, প্রয়োজনীয় জমি ও অর্থায়নের পরিকল্পনা প্রণয়ন এবং নির্দিষ্ট সময়সীমাসহ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।
বিমানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিস্তারিত সমীক্ষায় প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য শর্ত পূরণ হলে বগুড়া প্রকল্পের পর ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এখন সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের প্রত্যাশা—প্রাথমিক উদ্যোগ যেন দ্রুত পরিকল্পিত, টেকসই ও বাস্তবায়নযোগ্য উন্নয়ন প্রকল্পে পরিণত হয়।