টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার (৯ মে) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নতুন ঘর নির্মাণের জন্য ৬৫ হাজার টাকা, গরু কেনার জন্য ৪৫ হাজার টাকা এবং ল্যাট্রিন নির্মাণের জন্য ২১ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়। এছাড়াও গর্ভবতী নারীসহ মোট ৬৮ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম বিভাগের পরিচালক রেজাউল করিম, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট নির্বাহী সদস্য সামছুর রহমান চৌধুরী, শাহীন আকন্দ, মির্জা দেলোয়ার হোসেন শিপলু ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হলে ভবিষ্যতেও আরও সহায়তা পাওয়া সম্ভব হবে।