টাঙ্গাইলের মধুপুরে স্বর্গীয় সুরেশ কুবি স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ। খেলাধুলার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মৃধা।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় মধুপুর উপজেলার অল সেন্টস জুনিয়র হাই স্কুল মাঠে ধরাটি একতা ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শক। খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টে উপস্থিত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মৃধা খেলোয়াড়, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি খেলার বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সুমন মৃধা বলেন, “একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা প্রয়োজন।”তিনি আরও বলেন, কুড়াগাছা ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, তরুণদের কল্যাণ এবং জনস্বার্থে কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড়, সমর্থক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।