মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেল ময়মনসিংহ বিভাগ। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে কাঙ্খিত পারফরম্যান্স করায় তাকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে । এম. রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ময়মনসিংহ বিভাগবাসী আন্তরিক অভিনন্দন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।
শুক্রবার (২১ আগস্ট) তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় ছয় মাস পর মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে শুক্রবার চারজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী এবং দুজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এ পরিবর্তনের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগের রাজনৈতিক প্রতিনিধিত্বে নতুন মাত্রা যোগ হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
মিল্লাতের পূর্ণ মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জামালপুরসহ পুরো ময়মনসিংহ বিভাগে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা দিয়েছে। জামালপুরে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশের যোগাযোগ, বিমানবন্দর ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতের উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। ফলে ময়মনসিংহ বিভাগের একজন সংসদ সদস্যের হাতে এ মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব আসায় আঞ্চলিক উন্নয়ন ও পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
বিশেষ করে ময়মনসিংহ বিভাগের পর্যটন সম্ভাবনা, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, নদী-হাওর, প্রত্নসম্পদ এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ বৃহত্তর ময়মনসিংহের পর্যটন খাতকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ময়মনসিংহ জেলা থেকে বর্তমান মন্ত্রিসভায় আরও দুইজন প্রতিমন্ত্রী রয়েছেন। ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে তাদের পদ ও দায়িত্বের তথ্য রয়েছে।
ফলে একই বিভাগের তিনজন নির্বাচিত জনপ্রতিনিধি একই সময়ে সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন—যা ময়মনসিংহ বিভাগের রাজনৈতিক প্রতিনিধিত্বের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলা—ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় মোট ২৪টি সংসদীয় আসন রয়েছে। তন্মধ্যে বিএনপি: ১৯টি, জামায়াতে ইসলামী ৩টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি ও স্বতন্ত্র ১টি।
ময়মনসিংহ বিভাগ দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার সঙ্গে উন্নত যোগাযোগ, রেল ও সড়ক অবকাঠামো, শিল্পায়ন, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগের দাবি জানিয়ে আসছে। বিভাগের একজন পূর্ণ মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় এসব দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন বিভাগের মানুষ।
স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রিসভায় ময়মনসিংহ বিভাগের এই শক্তিশালী প্রতিনিধিত্বকে কাজে লাগিয়ে বিভাগীয় সদরসহ চার জেলার যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিল্পায়ন, পর্যটন এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে।
এদিকে এম রশিদুজ্জামান মিল্লাতের পূর্ণ মন্ত্রী হওয়াকে শুধু জামালপুর নয়, পুরো ময়মনসিংহ বিভাগের জন্যই রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন ও সম্ভাবনাকে জাতীয় অগ্রাধিকারের আরও কাছাকাছি নিয়ে আসা সম্ভব হবে।