টাঙ্গাইলের সখীপুরে ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে মাংস সমিতি। বাজারে গরু-মহিষের মাংসের দাম অনেক আগেই নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। তবে ঈদের ঠিক পূর্ব মুহূর্তে সমিতির মাধ্যমে পাঁচ থেকে সাত কেজি মাংস পেয়ে বেশ খুশি সদস্যরা। এ কারণে গত কয়েক বছর ধরে এই অঞ্চলে মাংস সমিতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শুধুমাত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করেই উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিন শতাধিক সমিতি গড়ে ওঠে। এসব সংগঠনের নাম দেওয়া হয় মাংস সমিতি বা গরু সমিতি। কোনো কোনো এলাকায় স্থানীয় বণিক সমিতির মাধ্যমেও গরু কিনে মাংস ভাগ করে নেওয়া হয়। প্রতিটি সমিতিতে শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ নানান শ্রেণি-পেশার ৩০ থেকে ৬০ জন সদস্য ভর্তি করা হয়। সারা বছর অল্প-অল্প সঞ্চয় করে ঈদুল ফিতরের সপ্তাহখানেক আগে গরু কিনে জবাই করা হয়। ওই মাংস ভাগ করে নেন সমিতির সদস্যরা। এতে ঈদে বাড়তি আনন্দ পাওয়াসহ আর্থিক চাপও কমে গ্রামের মধ্যবিত্ত-নিম্নবিত্ত পরিবারগুলোর।
উপজেলার কালিদাস গ্রামের মাংস সমিতির উদ্যোক্তা সদস্য বাদল মিয়া আজকের পত্রিকাকে জানান, আমাদের সমিতির ৫০ জন সদস্য মাসিক ৩০০ টাকা করে জমা দেয়। এতে এক বছরে জমা হয় এক লাখ ৮০ হাজার টাকা। রমজানের ঈদের আগে এই টাকা দিয়ে কেনা গরুর মাংস সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে পাঁচ থেকে ছয় কেজি করে মাংস পায়। তাঁদের এলাকাতেই এ ধরণের প্রায় অর্ধশত সমিতি রয়েছে বলেও তিনি যোগ করেন।
পৌরসভার প্রতিমা বংকী গ্যাসস্টেশন বাজারের মাংস ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, গ্রামগঞ্জে এবার মাংস সমিতির অনেক গরু জবাই হচ্ছে। এ কারণে স্থানীয় বাজারে মাংসের চাহিদা কিছুটা কম। তবে মাংসের দাম আগের মতই আছে।
কৃষি শ্রমিক নূরে আলম বলেন, সন্তানদের নতুন জুতা-কাপড় কিনে দেওয়ার পর পকেটে টাকা থাকে না। ফলে প্রতিবছর পোল্ট্রি মুরগির মাংস দিয়ে ঈদ করতে হয়। এবার সমিতি কইরা কিছু টাকা জমাইছিলাম, সেখান থিকা ছয় কেজি মাংস পাইছি। অর্ধেক বেইচা দিছি, বাকি অর্ধেক (৩ কেজি) দিয়া এইবার ঈদে পোলাপান কয়টা ভাত খাবার পাবো।
উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনছার আলী আসিফ আজকের পত্রিকাকে বলেন, ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকেই সমিতির গরু জবাই শুরু হয়। এভাবে চলে ঈদের আগেরদিন পর্যন্ত। সমিতিগুলো গ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ঈদ আনন্দ বাড়িয়ে দেয়।