ঢাকা | 04 February 2026

শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি হলো বাংলাদেশ

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Feb 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বিশ্বজুড়ে সংঘাত আর অস্থিরতা মোকাবিলায় জাতিসংঘ যখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখনই বাংলাদেশের জন্য এলো এক বড় আন্তর্জাতিক স্বীকৃতি। ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন (পিসিবি)-এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতে, বর্তমান বিশ্ব এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে কোনো একক দেশ সব সমস্যার সমাধান করতে পারছে না। এই পরিস্থিতিতে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব যখন তুঙ্গে, তখন শান্তি বিনির্মাণ কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর সহ-সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সেশনে মরক্কো সভাপতির দায়িত্ব পেলেও বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি হিসেবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে।

৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এই কমিশন মূলত সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি ফিরিয়ে আনা এবং তা স্থায়ী করার লক্ষ্যে কাজ করে। এই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতি আস্থা রাখার জন্য বৈশ্বিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধিদল। একই সঙ্গে বিশ্বশান্তি রক্ষায় নিজেদের দীর্ঘদিনের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করেছে ঢাকা।

শান্তি বিনির্মাণে বাংলাদেশের এই ভূমিকা নতুন কিছু নয়। ২০০৫ সালে কমিশনটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় অংশীদার। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতির গৌরব অর্জন করেছিল এবং ২০১৩ ও ২০২৩ সালেও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই সাফল্য দেশটির কূটনৈতিক সক্ষমতার এক অনন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ