টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নে বরাদ্দকৃত ৩০০ বস্তা ইউরিয়া সার ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় চার লাখ টাকার অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট সার ডিলার। ঘটনার পর থেকেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ঘোড়াশাল কারখানা থেকে ৩শ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে নিজ ইউনিয়ন ভাওড়াতে নিয়ে যাচ্ছিলেন ডিলার আমজাদ হোসেন। পথিমধ্যে ভাওড়া সরকার পাড়া এলাকার একটি সরু রাস্তায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ডিলার আমজাদ হোসেন জানান, গ্রামের রাস্তাটি অত্যন্ত সরু হওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পানিতে তলিয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ সার নষ্ট হয়ে তার প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন। বারবার ড্রাইভারের মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে স্থানীয় লোকজনের সহায়তায় পানিতে ডুবে যাওয়া সার উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ডিলার। মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন জানান, দুর্ঘটনার বিষয়টি সঙ্গে সঙ্গে যেন উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত ডলারে জন্য ৭০ মেট্রিক টন সার বরাদ্দ ছিল। এরমধ্যে আজ ১৫ মেট্রিক টন পানিতে তলিয়ে গেছে। যেহেতু জেলায় কিছু অতিরিক্ত বরাদ্দ থাকে। জেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের সঙ্গে কথা বলে ওই ইউনিয়নের বরাদ্দ পাওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন।