ঢাকা | 17 November 2026

কারাগারে সাংবাদিকদের খোঁজখবর নিলেন সাংবাদিক নেতৃবৃন্দ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের সখীপুরে বিএনপি নেতার করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের খোঁজখবর নিতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক। আজ সোমবার (১৬ নভেম্বর) তিনি টাঙ্গাইল জেলা কারাগারে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন।

কারাবন্দি চার সাংবাদিক হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী ছানিম মিয়া, মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির। 

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র আইনজীবী আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাদেক মামুন হায়দার, সহসভাপতি এম সাইফুল ইসলাম সাফলু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় ইউনিটের পরিচালক মোহাম্মদ আলী আবির, পরিচালক সিয়াম রশীদ, বিল্লাল হোসেন মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম ও সজিব হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 
কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে খায়রুল আলম রফিক জানান, গ্রেপ্তারকৃত চার সাংবাদিকের আগামী ১৯ তারিখের মধ্যে নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ দাবিতে টাঙ্গাইলের সাংবাদিকদের পাশাপাশি সারা দেশের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

এর আগে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় গ্রেপ্তার চার সাংবাদিকের বিষয়ে সুস্পষ্ট ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হাসানকে প্রত্যাহারের দাবিও জানান সংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওবাড়ি এলাকায় মাদক সেবনের ভিডিও করে ফেরার পথে স্থানীয় জনতা চার সাংবাদিককে পাঁচ ঘণ্টা আটক রাখে। রাত ১২টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে। শনিবার সকালে স্থানীয় এক বিএনপি নেতা ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ