পরিবেশের ভারসাম্য বজায় রাখা, সবুজ প্রকৃতি ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মূর্খ সংঘ’ এ কর্মসূচির আয়োজন করে। বৃক্ষরোপণ শেষে ইউএনও মো. শাহীন মিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাপদাহ, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মূর্খ সংঘ’ যে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
‘মূর্খ সংঘ’-এর উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের এ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।
কর্মসূচিতে ইউএনও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আসিফ খান শেলী, ব্যবসায়ী ও যুবদল নেতা নাজমুল আহসান নোমান, ‘মূর্খ সংঘ’-এর উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা এবং নূর হাসিয়া খান উপস্থিত ছিলেন।