ছবির ক্যাপশন:
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে চলে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত ৮টা পর্যন্ত তাঁর মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা।
পরদিন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবায় মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে অর্ধনিমজ্জিত মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আসিফ শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।