টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাটের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. আলমগীর ফকিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪ (সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প) এবং র্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আসামিদের পূর্ব পরিচিত। প্রধান আসামি আলমগীর ফকির গত ১ আগস্ট ওই নারীকে তার বাড়িতে ডেকে পাঠায়। কথামতো ওইদিন সন্ধ্যায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে একটি নির্জন এলাকায় আগে থেকেই ওত পেতে ছিল আলমগীর ও তার সহযোগীরা। সেখানে তারা ওই নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ সময় পাশবিক নির্যাতনের পাশাপাশি ভুক্তভোগীর ব্যবহৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় আসামিরা।
এই ঘটনার পর ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩)। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (৩) ধারা এবং পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজু করা হয়।
মামলা দায়েরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রধান আসামি আলমগীর ফকির বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিল। চাঞ্চল্যকর এই ঘটনার খবর পাওয়ার পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১৪, যার ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে প্রধান আসামি ধরা পড়ে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব-১৪ এর অভিযান অব্যাহত রয়েছে।