"মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। তিনি আগামী পাঁচ বছরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সমস্ত ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে আসতে চান।" আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মন্ত্রী বলেন, আমি বলব না, প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তবে তিনি (প্রধানমন্ত্রী) যদি আরও কিছু সময় পান, সত্যিকারেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আর সেজন্যে শিক্ষকদের ভূমিকা অনেক দরকার।
শিক্ষকদের উদ্দেশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকেরা প্রত্যেকেই জাতির দায়িত্ব পালনকারী একেকজন নেতা। শিক্ষক মানেই জাতির নেতা। শিক্ষকদের ভেতরে এই দেশ প্রেমটাকে জাগিয়ে তুলতে হবে যে, —এই রাষ্ট্র, এই বিদ্যালয়, শিক্ষা ব্যবস্থা আমার, এ রাষ্ট্রকে আমরা নতুন করে গড়ে তুলব। যে দেশের শিক্ষাব্যবস্থা শেষ, সেই রাষ্ট্রও শেষ, সেই রাষ্ট্র কখনোই উন্নত হবেনা।
আযম খান বলেন, আমাদের সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যদি কোনো ইউনিয়নের আয়তন বড় থাকে, দূর-দূরান্তে যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে নতুন করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খানের সহধর্মিনী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।