টাঙ্গাইল সদর উপজেলার সুরজ বড়রিয়া বি.এস. বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুল আহসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশিদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।