ময়মনসিংহ ব্যুরো:
জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর অভিযোগটি স্পর্শকাতর বিষয় হওয়ায় র্যাব-১৪ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২৯ জানুয়ারি রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেফতার করেছে।
র্যাব-১৪, ময়নমনসিংহের অধিনায়ক অধিনায়ক নয়মুল হাসান শুক্রবার ( ৩০ জানুয়ারি) দুপুরে নিজ অফিসে এক প্রেস ব্রিফিং জানান, গত ২৭ জানুয়ারি ২০২৬খ্রিঃ ময়মনসিংহ কারাগার হতে হত্যা মামলার ০৩ জন আসামি জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় কারাগার হতে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক বন্দিগন হলেন ১। আনিছ মিয়া(৩২), ২। রাশেদুল ইসলাম(২৫) এবং ৩। জাকিরুল ইসলাম(২৮) সর্ব পিতা-হযরত আলী সর্ব সাং-মধ্যতারাটি পশ্চিমপাড়া, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।
পলাতক আসামিগণ তারাকান্দা থানার মামলা নং- ০৪,তারিখ-০৭ ডিসেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৪৪৮/৪৪৭/৩০২/৩৮০/৪২৭/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড এর আসামি। গত ২৩ জানুয়ারি র্যাব তাদেরকে গ্রেফতারপূর্বক থানার মাধ্যমে আদালতে সোপর্দ করেন। তারা পরস্পর যোগসাজসে কারাগার হতে গত ২৭ জানুয়ারি ২০২৬খ্রিঃ পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বিষয়টি র্যাব-১৪, ময়নমনসিংহ এর নজরে এলে র্যাব-১৪ সিপিএসসি ও সিপিসি-৩, টাঙ্গাইল এর দুইটি চৌকস টিম গত ২৯ জানুয়ারি ২০২৬খ্রিঃ রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত পলাতক বন্দি/ আসামিদের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়ার ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।