চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে কাজ করার কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেছেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছে আমাদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়েও আমরা আন্তরিক। তাদের বিষয়ে দেখভালের দায়িত্ব-কর্তব্য আমাদের রয়েছে।”
রোববার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ প্রসঙ্গে তিনি বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন তারেক রহমান। প্রত্যেকটি কমিটিই গণতান্ত্রিক হোক। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গণতান্ত্রিকভাবে চলুক নিশ্চয়ই আমরা চাই। আমি এ নিয়ে কাজ করছি। সেজন্য সময় দিতে হবে।
“মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন, রাজাকারের তালিকা হয়েছে কি-না। আমি মাত্র দুদিন অফিস করেছি। এ নিয়ে আমি কাজ করব। আমি চেষ্টা করব মন্ত্রণালয়ের কাজগুলো নিষ্ঠার সঙ্গে পালন করার।”
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।