মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী শেখ। নিজ উদ্যোগে প্রায় দুই বিঘা জমি দুই বছরের জন্য লিজ নিয়ে খেলার মাঠ তৈরি করে দিয়েছেন তিনি।
উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে তৈরি করা এ মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে রানিয়াদ গ্রামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লাল মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. চান মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম হোসেন।
উদ্যোক্তা হযরত আলী শেখ জানান তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের অবসর সময় মাঠে কাটানোর সুযোগ করে দিতেই ব্যক্তিগত উদ্যোগে জমি লিজ নিয়ে এ খেলার মাঠ তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই মাঠ স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।
এ সময় তিনি তরুণ প্রজন্মের বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিটি এলাকায় স্থায়ী খেলার মাঠ নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
স্থানীয়দের মতে, ব্যক্তিগত উদ্যোগে এমন খেলার মাঠ তৈরি নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়লে গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম খেলাধুলার সুযোগ পাবে এবং মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।