মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। দিনের ভোট রাতে কিংবা সিল মারার নির্বাচন আর হতে দেওয়া হবে না। বিরোধী দল যদি গঠনমূলক ভূমিকা পালন না করে, তবে আগামী নির্বাচনে তাদের আরও করুণ পরিণতি হবে এবং আরও কম আসন পাবে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সুধী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাসাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "আপনাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করে আজ মাননীয় প্রধানমন্ত্রী ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশ যখন প্রধানমন্ত্রীর প্রশংসায় উদ্ভাসিত এবং জয়-জয়কার, ঠিক তখনই এই দেশ, গণতন্ত্র ও সমৃদ্ধিকে ধ্বংস করার জন্য গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, "শ্রমিক আন্দোলনের নামে মূলত সাধারণ শ্রমিকরা নয়, বরং পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী দলের লোকজনই শ্রমিকের বেশ ধরে এই গভীর ষড়যন্ত্র করছে। তারা আমাদের গার্মেন্টস খাতকে ধ্বংস করতে চায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই-সাবধান হয়ে যান, এই সরকার ভেসে আসেনি, জনগণের ভোটে প্রতিষ্ঠিত হয়েছে। যারা ষড়যন্ত্র করছেন তারা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ আপনাদের একবার বিতাড়িত করেছে, প্রয়োজনে আবারও করবে। বাংলাদেশ আর থেমে থাকবে না; সব বাধা কাটিয়ে দেশ আগামী দিনে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। জনগণকে সাথে নিয়ে যেকোনো ষড়যন্ত্র কঠিন হাতে মোকাবেলা করা হবে। যারা রাষ্ট্রদ্রোহিতায় জড়িত, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে-কেউ ক্ষমা পাবেন না।
বিরোধী দলের রাজনৈতিক আচরণের সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, সরকারকে সহযোগিতা করুন, অযথা বিরোধিতা করবেন না।অপ্রয়োজনে লংমার্চ, বিক্ষোভ কিংবা এই জনপ্রিয় সরকারের বিরুদ্ধে আজেবাজে কথা বলে ফ্যাসিবাদকে উস্কানি দেবেন না। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের পরিণতি ভালো হবে না। আসুন, কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে জাতীয় ঐক্য গড়ে তুলি এবং দেশ গঠনে আত্মনিয়োগ করি। আপনারা গঠনমূলক ভূমিকা পালন করলে আগামীতে জনগণের ভোট পাবেন।
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, সহ-সভাপতি প্রকৌশলী সোহরাব হোসেন ও আবুল হাশেম, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।