“কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর টাঙ্গাইল সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল সদরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার দাইন্যা এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজের প্রয়োজনীয়তা, কার্যকারিতা ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। বিশেষ করে উৎপাদিত ফলমূল, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের মাধ্যমে অপচয় রোধ, সংরক্ষণকাল বৃদ্ধি এবং সঠিক সময়ে বাজারজাত করে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, সৌরশক্তি নির্ভর মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের জন্য একটি পরিবেশ বান্ধব ও টেকসই প্রযুক্তি। এর যথাযথ ব্যবহার কৃষিপণ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
এময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া'র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ দুলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ ইসমোতারা, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমা আক্তার তন্নি, মনোয়ার হোসেন প্রমুখ।
এসময় সুবিধাভোগী কৃষকদের প্রতিনিধিত্ব করেন, কৃষক জাহাঙ্গীর পারভেজ।