ঢাকা | 18 October 2026

ধনবাড়ীতে মণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, আলোকসজ্জা ও ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।

শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবকে কেন্দ্র করে ধনবাড়ী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে পূজার্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও দর্শনার্থীদের আনাগোনা।সরেজমিনে দেখা যায়, ধনবাড়ী পৌরসভা ছাড়াও ধোপাখালী, যদুনাথপুর, বীরতারা, বানিয়াজান, মুশুদ্দি, বলিভদ্র ও পাইস্কা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। প্রতিমার নান্দনিক সাজসজ্জা ও আলোকসজ্জায় মণ্ডপগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ধনবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রায় ৩৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।এদিকে, শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে ধনবাড়ী পৌরসভার বিলাসপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. মনজুরুল ইসলাম, ডিবির ওসি এ বি এম দোহা এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিক সহ সাংবাদিক মো: পলাশ ইসলাম। 

মণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম বলেন, “শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে পুলিশ কাজ করছে।”

পূজাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী বলেন, “শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসবের বাকি সময়েও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সজাগ রয়েছে।”

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার জীবন আনন্দ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা আয়োজক ও ভক্তদের। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ