ঢাকা | 30 June 2026

মসজিদের জমি বিরোধে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Jun 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের নল্যা বাজার জামে মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, রামকৃষ্ণবাড়ী মৌজা-এর বিএস খতিয়ান নং-৩০০, দাগ নং-৫১৫ অনুযায়ী সড়কসংলগ্ন প্রায় ২ শতাংশ জমি নল্যা বাজার জামে মসজিদের দাবি করা হয়। অন্যদিকে একই মৌজার বিএস খতিয়ান নং-৫৪৪, দাগ নং-৫১৪-এর ৪ শতাংশ জমির মালিকানা দাবি করেন প্রবাসী আব্বাস আলীর স্ত্রী মোছা. রেবেকা সুলতানা।

অভিযোগ রয়েছে, সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে ভেকু দিয়ে মাটি কাটার সময় মসজিদ কমিটির সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রেবেকা সুলতানা মসজিদ কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। তবে মসজিদ কমিটির দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।

এর প্রতিবাদে সোমবার (২৯ জুন) দুপুরে নল্যা বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন এবং একটি স্মারকলিপি ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জমা দেন।

এ বিষয়ে মামলার বাদী মোছা. রেবেকা সুলতানা বলেন, “আমি আমার স্বামীর দখলীয় জমিতে অবস্থান করছি। আমি কারও জমি দখল করিনি। বরং মসজিদ কমিটির লোকজন আমার ও আমার স্বামীর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন।”অন্যদিকে মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়দের দাবি, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নিরপরাধদের হয়রানি বন্ধের দাবি জানান।

জমি-সংক্রান্ত এ বিরোধ ও মামলাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ