টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত আল-আমিন (১৭) বল্লা বেহালাবাড়ী হাসপাতাল পাড়া গ্রামের আরিফের ছেলে। সে এবছর মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লার ভোকেশনাল বিভাগ থেকে এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কালিহাতী পৌর এলাকার কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীগণ জানায়, কালিহাতীগামী একটি মোটরসাইকেল কামার্থী এলাকায় পৌঁছলে রাস্তা পারাপাররত পথচারী সাদেক আলীকে (৬৫) বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আল-আমিন, আরোহী সোহাগ (১৬) ও পথচারী সাদেক আলী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সাদেক আলীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান জানান, আল-আমিন এবছর ভোকেশনাল বিভাগ থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহন করে। সে খুব মেধাবী ছাত্র ছিলো। তার অকাল মৃত্যুতে মাদরাসায় শোকের ছায়া নেমে এসেছে।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।