ঢাকা | 19 August 2026

কালিহাতীতে অনিয়মের দায়ে তিন ক্লিনিককে জরিমানা, মাদক মামলায় কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের কালিহাতীতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে জরিমানার পাশাপাশি ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) কালিহাতী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বিসমিল্লাহ নার্সিং হোম, কালিহাতী পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও তানিজা ক্লিনিক পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনিয়মের কারণে পৃথকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা জরিমানার মোট পরিমাণ ১ লাখ ৫৫ হাজার টাকা।এদিকে একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় বল্লা মধ্যপাড়া এলাকার মৃত আঃ হকের ছেলে আঃ আলিমকে ১০০ টাকা জরিমানা এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, জনস্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত আইন ও বিধিবিধান মেনে সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে। অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবার মান বজায় রাখা, অনিয়ম প্রতিরোধ এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ