টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে অবস্থিত পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণ ও বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মুজিবুল আহসান এবং সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। এ ছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, প্রধান শিক্ষক শিরীন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক আবু সাঈদ এবং উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তাঁরা বলেন, সবাইকে শিক্ষার প্রতি আরও মনোনিবেশ করতে হবে; কোনোভাবেই ফেল করা যাবে না। যে কয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে, তাদের সবার পাসের বিষয়টি নিশ্চিত করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলেও উল্লেখ করেন তাঁরা।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রত্যেক ছাত্রছাত্রীকে ক্লাসে মনোযোগী হতে হবে এবং বিদ্যালয় এলাকায় শব্দ দূষণ করা যাবে না। পাশাপাশি কড়া নির্দেশনা দিয়ে তাঁরা জানান, এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী ফেল করবে, তাদের পুনরায় ফরম ফিলাপ করানো যাবে না এবং শ্রেণিকক্ষে কোনো ধরনের গাইড বই ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশনাগুলো সবাইকে কঠোরভাবে মেনে চলার তাগিদ দেন তাঁরা।