টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অসুস্থ প্রতিযোগিতা চলছে। গাইড, প্রাইভেট ও কোচিং নির্ভর লেখাপড়ায় শিক্ষার্থীরা বাধ্য হচ্ছে। এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। কারণ রাইট লাইনে নেই শিক্ষা ব্যবস্থা। শিক্ষাকে রাইট লাইনে ফেরাতে শিক্ষকদের প্রতিটি ছাত্রকে সন্তানের মতো লালন পালন করতে হবে। আন্তরিকভাবে পাঠদান করাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার মান উন্নত করতে হবে। গাইড, কোচিং প্রাইভেট নির্ভরতা বন্ধ করে শিক্ষায় আমূল পরিবর্তন আনতে হবে। ভিন্ন কৌশলে ভালো ফলাফল দেখানো হলো মেধা ধ্বংসের শামিল। মেধা ধ্বংস থেকে ফিরে এসে সন্তান বাঁচাতে শিক্ষা বাঁচাতে হবে। সোমবার বিকেলে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনীতিক, সাংবাদিক ও সুধিদের সাথে মতবিনিময়কালে তিনি একথাগুলো বলেন।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক আরও বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার না হওয়ায় মাদকের গ্যাং ও কিশোর গ্যাং অপকর্মের সুযোগ পায়। তাই মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ইউনিট গড়ে তুলতে হবে। মাদকের সাথে যারা যুক্ত তাদেরকে কোন কমিটিতে রাখা যাবেনা। মাদকের সাথে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককেই আইনের আওয়তায় আনা হবে। সন্ধ্যার পর আড্ডা বন্ধ করতে হবে। বিভিন্ন পর্যায়ের কমিটিগুলোকে সচল করতে হবে। উপজেলা প্রশাসন এই বিষয়ে মনিটরিং করবে। হাসপাতাল, থানা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে।
জেলা প্রশাসক আবু সাঈদ আরও বলেন, মাদক, বাল্য বিবাহ নির্মূলে প্রতিটি মসজিদের ইমামদের ভূমিকা রাখতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি মসজিদের মাধ্যমে সরকারের কল্যাণকর বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে। প্রতি শনিবার সকল প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। সবাই মিলে পরিচ্ছন্ন বাড়ি, পরিচ্ছন্ন সমাজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, মধুপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুর রহমান আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল হক প্রমূখ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মধুপুর থানা, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়, শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্টপৌলস উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং দিক নির্দেশনা দেন।