ক্রমবর্ধমান জনসংখ্যা, কৃষিজমির ক্রমহ্রাস, জলবায়ু পরিবর্তন, মাটির অবক্ষয়, পানির সংকট এবং উৎপাদন উপকরণের ক্রমবর্ধমান মূল্য—এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা কৃষির জন্য একটি বড় পরীক্ষা। একই সঙ্গে কৃষিতে রাসায়নিক সার ও বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
এ অবস্থায় কম উপকরণ ব্যবহার করে অধিক ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করার জন্য নতুন প্রযুক্তির সন্ধান জরুরি। সেই প্রেক্ষাপটে কৃষিতে ন্যানো টেকনোলজি বা ন্যানোপ্রযুক্তি একটি সম্ভাবনাময় হাতিয়ার হিসেবে বিশ্বব্যাপী গুরুত্ব পাচ্ছে। এক মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগকে এক ন্যানোমিটার বলা হয়। সাধারণত ১-১০০ ন্যানোমিটার আকারের কণাকে ন্যানোম্যাটেরিয়াল হিসেবে বিবেচনা করা হয়।
অত্যন্ত ক্ষুদ্র আকারের কারণে এসব পদার্থের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য প্রচলিত একই পদার্থের তুলনায় ভিন্ন হতে পারে। এই বিশেষ বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই কৃষিতে তৈরি হচ্ছে নতুন ধরনের সার, বালাইনাশক, রোগ শনাক্তকরণ ব্যবস্থা, সেন্সর ও খাদ্য সংরক্ষণ প্রযুক্তি।
ন্যানো সার : কম উপকরণে বেশি কার্যকারিতা : কৃষিতে ন্যানোপ্রযুক্তির সবচেয়ে আলোচিত প্রয়োগগুলোর একটি হলো ন্যানো সার। প্রচলিত সারের একটি বড় অংশ গাছ গ্রহণ করতে পারে না; বিভিন্ন প্রক্রিয়ায় তা মাটি, পানি বা বায়ুমণ্ডলে হারিয়ে যায়।
এই হারিয়ে যাওয়া অংশ মাটি, পানি ও পরিবেশদূষণের জন্য দায়ী। ন্যানোফর্মুলেশনের মাধ্যমে পুষ্টি উপাদানকে ক্ষুদ্র কণায় অথবা নিয়ন্ত্রিত-মুক্তি ব্যবস্থায় সরবরাহ করা সম্ভব হলে উদ্ভিদের পুষ্টি গ্রহণের দক্ষতা বৃদ্ধি করা যায়।
সেই সম্ভাবনায় ন্যানো নাইট্রোজেন, ন্যানো জিংক, ন্যানো আয়রন ও ন্যানো সিলিকন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা চলছে। এই গবেষণা সফল হলে একই পরিমাণ উৎপাদন ধরে রেখে সারের ব্যবহার হ্রাস, পুষ্টি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং কৃষকের উৎপাদন খরচ কমানোর সুযোগ তৈরি হবে। বাংলাদেশের মতো দেশে যেখানে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও পটাশ সারের একটি উল্লেখযোগ্য অংশ আমদানিনির্ভর, সেখানে পুষ্টি ব্যবহারের দক্ষতা বাড়ানো এবং অল্প সারে অধিক ফলন অর্থনৈতিক ও পরিবেশগত দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ।
ন্যানো বালাইনাশক ও রোগবালাই ব্যবস্থাপনা : ফসলের রোগ ও পোকামাকড় দমনে ন্যানোপ্রযুক্তি নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ন্যানো-এনক্যাপসুলেশন বা ন্যানো-ফর্মুলেশনের মাধ্যমে বালাইনাশকের সক্রিয় উপাদানকে নির্দিষ্ট সময় ও স্থানে ধীরে ধীরে মুক্ত করার প্রযুক্তি উন্নয়নের চেষ্টা চলছে। এতে প্রয়োজনীয় মাত্রায় কার্যকর উপাদান সরবরাহ করা সম্ভব হবে, ফলে বালাইনাশকের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে।
একই সঙ্গে ন্যানো সেন্সর ব্যবহার করে উদ্ভিদের রোগ বা পুষ্টির ঘাটতি প্রাথমিক পর্যায়েই শনাক্ত করার সম্ভাবনা রয়েছে। রোগের লক্ষণ স্পষ্ট হওয়ার আগেই যদি আক্রান্ত উদ্ভিদ শনাক্ত করা যায়, তবে পুরো জমিতে নির্বিচারে বালাইনাশক প্রয়োগের পরিবর্তে প্রয়োজনীয় স্থানে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, যা ভবিষ্যতের নির্ভুল কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
মাটি ও পানির ব্যবস্থাপনায় ন্যানোপ্রযুক্তি : মাটির স্বাস্থ্য কৃষি উৎপাদনের মূল ভিত্তি। বাংলাদেশের অনেক কৃষিজমিতে জৈব পদার্থের ঘাটতি, পুষ্টির ভারসাম্যহীনতা এবং বিভিন্ন ধরনের দূষণ দেখা যাচ্ছে। ন্যানোম্যাটেরিয়াল ব্যবহার করে মাটির নির্দিষ্ট দূষণ শনাক্তকরণ ও অপসারণের বিষয়ে গবেষণা হচ্ছে। একইভাবে ন্যানোফিল্টার ও ন্যানোম্যাটেরিয়াল ব্যবহার করে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি পরিশোধনের প্রযুক্তিও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে লবণাক্ততা, ভারী ধাতু ও অন্যান্য দূষণ মোকাবেলায় এসব প্রযুক্তির সম্ভাবনা রয়েছে।
বীজ, চারা ও উদ্ভিদ বৃদ্ধিতে ন্যানোপ্রযুক্তির প্রয়োগ : বীজের অঙ্কুরোদ্গম, শিকড়ের বৃদ্ধি, পুষ্টি গ্রহণ এবং উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ন্যানোম্যাটেরিয়ালের ভূমিকা নিয়ে গবেষণা হয়েছে। বীজে নির্দিষ্ট ন্যানোম্যাটেরিয়াল প্রয়োগ করে অঙ্কুরোদ্গমকে বিলম্বিত এবং কাঙ্ক্ষিত সময়ে অঙ্কুরোদ্গম ও চারার প্রাথমিক বৃদ্ধির উন্নতি করার ধারণা নিয়ে গবেষণা চলছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—ন্যানোম্যাটেরিয়ালের উপকারিতা কণার আকার, রাসায়নিক গঠন, ঘনত্ব, প্রয়োগের পদ্ধতি এবং ফসলের প্রজাতির ওপর ব্যাপকভাবে নির্ভর করে। একটি ফসলে যে মাত্রা উপকারী, অন্য ফসলে একই মাত্রা ক্ষতিকর হতে পারে। তাই মাঠ পর্যায়ে ব্যবহারের আগে বৈজ্ঞানিকভাবে নির্ধারিত মাত্রা ও নিরাপত্তা মান নিশ্চিত করা অপরিহার্য।
ন্যানো সেন্সর ও স্মার্ট কৃষি : কৃষির ভবিষ্যৎ শুধু বেশি উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কখন, কোথায় এবং কতটুকু উপকরণ প্রয়োগ করতে হবে, তা নির্ধারণ করাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ন্যানোপ্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে।
মাটির আর্দ্রতা, পুষ্টি, লবণাক্ততা, রোগজীবাণু কিংবা উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তন শনাক্ত করার জন্য ক্ষুদ্র সেন্সর তৈরি করা সম্ভব। এসব সেন্সরকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন প্রযুক্তির সঙ্গে সমন্বিত করা গেলে কৃষকের হাতে জমির তাৎক্ষণিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে ভবিষ্যতের কৃষি হতে পারে তথ্যনির্ভর, স্থানভিত্তিক ও নির্ভুল কৃষি।
ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা : বাংলাদেশে উৎপাদিত ফল ও সবজির একটি উল্লেখযোগ্য অংশ সংগ্রহোত্তর পর্যায়ে নষ্ট হয়। ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস করাও জরুরি। ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে খাদ্য ও ফলমূলের প্যাকেজিং উপকরণ, অ্যান্টিমাইক্রোবিয়াল আবরণ এবং গ্যাস-বিনিময় নিয়ন্ত্রণকারী প্যাকেজিং তৈরি করা সম্ভব। এ ধরনের প্রযুক্তি ফলের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, জীবাণু সংক্রমণ কমানো এবং সংরক্ষণকাল বাড়াতে সহায়তা করবে।
রপ্তানিমুখী কৃষিতে ন্যানোপ্রযুক্তি : আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে শুধু উৎপাদন বাড়ালেই হবে না; নিরাপদ খাদ্য, গুণগত মান, অবশিষ্টাংশের সীমা, ট্রেসেবিলিটি এবং দীর্ঘ সংরক্ষণকাল নিশ্চিত করতে হবে। ন্যানো সেন্সর ও দ্রুত শনাক্তকরণ প্রযুক্তি কৃষিপণ্যে রোগজীবাণু, দূষক বা নির্দিষ্ট রাসায়নিক উপাদানের উপস্থিতি শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে উন্নত ন্যানো-প্যাকেজিং পচনশীল কৃষিপণ্যের গুণমান ধরে রাখতে সহায়ক হতে পারে।
তবে সম্ভাবনার পাশাপাশি শঙ্কাও আছে : ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা যত বেশি, এর নিরাপত্তা নিয়ে প্রশ্নও তত গুরুত্বপূর্ণ। ন্যানোম্যাটেরিয়ালের অতি ক্ষুদ্র আকারের কারণে এগুলো পরিবেশে কিভাবে আচরণ করে, মাটির অণুজীবের ওপর কী প্রভাব ফেলে, উদ্ভিদে কিভাবে প্রবেশ ও সঞ্চিত হয় এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে গেলে কী ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে—এসব বিষয়ে এখনো অজানা। তাই অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ব্যবহারে ন্যানোকণার মাটি ও পানিতে জমা হওয়া, উপকারী অণুজীবের ওপর প্রভাব এবং খাদ্যশৃঙ্খলে প্রবেশের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তাই ‘ন্যানো’ শব্দটি দেখলেই কোনো প্রযুক্তিকে নিরাপদ বা পরিবেশবান্ধব ধরে নেওয়া যাবে না। প্রতিটি ন্যানোফর্মুলেশনের ক্ষেত্রে আলাদাভাবে ঝুঁকি মূল্যায়ন করতে হবে।
বাংলাদেশের জন্য করণীয় : বাংলাদেশে ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রথমেই প্রয়োজন সমন্বিত গবেষণা ও নীতিমালা। বাংলাদেশের কৃষি গবেষণাপ্রতিষ্ঠানগুলো কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান ও মান নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে সমন্বিত গবেষণা কার্যক্রম গড়ে তোলা যেতে পারে। কৃষির উৎপাদনশীলতা, নিরাপদ খাদ্য ও সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে ন্যানোপ্রযুক্তিকে জাতীয় কৃষি গবেষণার একটি অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা প্রয়োজন। স্থানীয় কৃষি-পরিবেশ উপযোগী নিরাপদ ন্যানো সার ও বালাইনাশক উদ্ভাবন, ন্যানো সেন্সরের মাধ্যমে মাটি-উদ্ভিদ স্বাস্থ্য নির্ণয় এবং ন্যানো-প্যাকেজিংয়ের মাধ্যমে সংগ্রহোত্তর ক্ষতি হ্রাসে গবেষণা জোরদার করতে হবে। একই সঙ্গে মাটি, পানি ও খাদ্যশৃঙ্খলে ন্যানোম্যাটেরিয়ালের দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যায়ন এবং কঠোর মাননিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধিমালা প্রণয়ন জরুরি। মাঠ পর্যায়ের গবেষণা ও পরীক্ষার মাধ্যমে প্রযুক্তির কার্যকারিতা, নিরাপত্তা ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করে কৃষিতে এর প্রয়োগ সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি কৃষক, গবেষক, সম্প্রসারণকর্মী ও শিল্পোদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপদ, টেকসই ও বাণিজ্যিকভাবে কার্যকর ন্যানো-কৃষি প্রযুক্তির জাতীয় সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।
প্রয়োজন সতর্ক ও দায়িত্বশীল অগ্রযাত্রা : ন্যানোপ্রযুক্তি কৃষিতে একটি নতুন বিপ্লবের সম্ভাবনা তৈরি করেছে। কম সার ব্যবহার করে অধিক পুষ্টি সরবরাহ, লক্ষ্যভিত্তিক বালাই ব্যবস্থাপনা, দ্রুত রোগ শনাক্তকরণ, স্মার্ট কৃষি এবং ফলমূলের সংগ্রহোত্তর ক্ষতি কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগাতে গিয়ে যেন নতুন পরিবেশগত বা খাদ্য নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। গবেষণাগারে সাফল্য মানেই মাঠে নিরাপদ ও সফল প্রয়োগ নয়। মাঠ পর্যায়ে দীর্ঘমেয়াদি পরীক্ষা, পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন, খাদ্যনিরাপত্তা পরীক্ষা এবং কঠোর মান নিয়ন্ত্রণের পরই বাণিজ্যিক প্রয়োগের দিকে এগোনো উচিত।
কৃষিতে ন্যানো টেকনোলজি নিঃসন্দেহে সম্ভাবনার একটি নতুন দুয়ার খুলে দিয়েছে। খাদ্য উৎপাদন বাড়ানো থেকে শুরু করে নিরাপদ খাদ্য, সম্পদের দক্ষ ব্যবহার, জলবায়ু-সহনশীল কৃষি এবং কৃষিপণ্যের রপ্তানি—বহু ক্ষেত্রে এই প্রযুক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু ‘উচ্চ প্রযুক্তির কৃষি’ নয়, বরং ‘নিরাপদ, টেকসই ও কৃষকবান্ধব, প্রযুক্তিনির্ভর কৃষি।’ ন্যানোপ্রযুক্তির সুফল পেতে হলে তাই অন্ধভাবে প্রযুক্তি গ্রহণ নয়; প্রয়োজন বিজ্ঞানভিত্তিক গবেষণা, ঝুঁকি মূল্যায়ন, নীতিমালা এবং দায়িত্বশীল প্রয়োগ।
সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে ন্যানোপ্রযুক্তি বাংলাদেশের কৃষিকে আরো উৎপাদনশীল, দক্ষ, নিরাপদ ও রপ্তানিমুখী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে। তবে সম্ভাবনার এই নতুন দুয়ার দিয়ে এগোতে হবে সতর্কতার সঙ্গে। কারণ প্রযুক্তির শক্তির সঙ্গে তার দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ।
লেখক : মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর