টাঙ্গাইলের সখীপুরে পাশাপাশি দুটি কারখানায় একযোগে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এক কর্মচারী দম্পতিকে চেতনানাশক খাইয়ে হাত-পা বেঁধে রেখে ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার প্রতিমা বংকী (ফুটানি বাজার) এলাকার মাওলানা ভাসানী বোর্ড মিলস ও মাওলানা ভাসানী ড্রইং মিলে এ ঘটনা ঘটে।
কর্মচারী দম্পতি আসাদুল (৪০) ও তাঁর স্ত্রী লাবনী (২৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানা দুটিতে প্রবেশ করে। সেখানে দায়িত্বরত কর্মচারী আসাদুল ও তাঁর স্ত্রী লাবনী বেগমকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে হাত-পা বেঁধে লুটপাট চালায়।
এ সময় ডাকাতেরা দুটি ইজিবাইকের ব্যাটারি, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও দুটি ইলেকট্রিক মোটরসহ প্রায় ৪ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। শনিবার ভোরে স্থানীয় লোকজন ওই কর্মচারী দম্পতিকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কারখানার পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে দুটি রাম-দা উদ্ধার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।