ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন নামের এক পাথরবোঝাই ট্রাকচালক নিহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাস্থ ‘শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজ’-এর সামনে এ ঘটনা ঘটে। নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক রাজীব হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। রাজীবের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টুকে (৩২) ধরে ফেলে এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে।
আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ৩-৪ জন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে মিন্টু নামের একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে