বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ঢেকে যায় ভাসানীর মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মহান এই নেতাকে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া পাঠের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম শহিদুল ইসলাম। এরপর ভাসানী পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাব, ন্যাপ ভাসানী, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বিএনপি'র পক্ষ থেকে দলেরর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু ও আব্দুস সালাম পিন্টু, মৎস ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বলেছেন, যখন মুজুরি বোর্ড গঠন করা হয়েছে সেখানে শ্রমিকদের প্রতিনিধিরাও আছেন। ১০ দিন কি ১৫ দিন হয় নাই বোর্ড গঠন হয়েছে। এই যে এখনতো রাস্তায় আন্দোলন করবার প্রয়োজন নাই। এরপরও যারা এটা করছে, এমন যদি শুধু একটা মিছিল হতো, শ্লোগান হতো তাহলে বুঝতাম এক ধরণের চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে মুজুরি বাড়ে। কিন্তু যে ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, ভাংচুর করা হচ্ছে, এক কারখানা থেকে বের হয়ে আরেক করাখানা বন্ধ করে দেওয়া হচ্ছে- এটাতো আমাদের দেশের সব চেয়ে বড় যেটা আয়ের উৎস সেটাকে বন্ধ করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্ট হচ্ছে।
তিনি বলেন, এখন বার বার এইটা প্রমান পাওয়া যাচ্ছে এর পেছেনে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য পালনের জন্য তারা দেশের স্বার্থ ধ্বংস করতে চায়। তাদের সাথেতো আপোশ হতে পারে না।মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাকিলুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিবাদ। আর যখন ক্ষমতার বাইরে যাতে তখন তারা নাশকতাবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসী কাজগুলোই তারা করছে। ২৪' এর আগে ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম করে রেখে নির্যাতন ও গণহত্যা করেছে৷ সেই আওয়ামী লীগ ২৪' পরেও বাংলাদেশ মানুষের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। তারা দেশে নাশতকা করার চেষ্টা করছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।
মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার প্রাঙ্গে 'ভাসানী মেলা'র আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও শামসুজ্জামান দুদু, মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোরক উন্মোচন করা হয়।