ঢাকা | 18 November 2026

গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকৃ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 18, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি; গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর সেই সংগ্রামী আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতাযুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন এবং কখনো অন্যায়ের কাছে আপস করেননি।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, যাঁরা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিলেন, তাঁরাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, এমনকি শিশুরাও রেহাই পায়নি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা সাময়িকভাবে অস্থিরতা তৈরি করতে পারলেও বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের রাজনীতিতে আর জায়গা দেবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাড়িঘরে আগুন দেওয়ার মতো কাজ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল করতে পারে না; এটি কেবল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী অপশক্তির পক্ষেই সম্ভব। এই অপশক্তি যাতে কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে, সে জন্য পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে হবে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমুখ।

স্মরণসভার আগে বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলের নেতাকর্মীরা। এদিকে ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই সন্তোষে মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধা আর ভক্ত-মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ