টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজ মাঠে ছাতিহাটি জি.আর যুবক সমিতির উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কলেজ মাঠে ফিতা কেটে ও বল গড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হেমনগর স্পোর্টিং ক্লাব এবং মহেলা স্পোর্টিং ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় ১৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাসানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় হেমনগর স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় আর কোনো দল গোল করতে না পারায়, ১-০ ব্যবধানে মহেলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় হেমনগর স্পোর্টিং ক্লাব।
টাঙ্গাইল জেলা তাঁতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল। টুর্নামেন্টের উদ্বোধন করেন ‘সৈয়দ টিটন ফাউন্ডেশন আইসরা’-র চেয়ারম্যান সৈয়দ মারুফুল ইসলাম টিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর পাইকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর ফরহাদ আলী এবং পাইকরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় স্থানীয় ক্রীড়ামোদী প্রচুর দর্শকের সমাগম ঘটে।