বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। রুকনদের মতামতের ভিত্তিতে টাঙ্গাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীকে এ পদে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরের সমাজকল্যাণ অডিটোরিয়ামে টাঙ্গাইল শহর জামায়াত আয়োজিত এক বিশেষ রুকন সমাবেশে জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী টাঙ্গাইলের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি এ বছরের ফেব্রুয়ারিতে শিক্ষকতা পেশা থেকে অবসরে যান। অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী গত প্রায় ৯ বছর ধরে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শহর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে টাঙ্গাইল শহরের বিভিন্ন নাগরিক সমস্যা মোকাবিলা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।