টাঙ্গাইলের সখীপুরে ভাষাশহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিমঘরে দরিদ্র রোগীদের বিনামুল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) প্রতি বছর এ চিকিৎসাসেবার আয়োজন করে। স্বেচ্ছাসেবী সংগঠনটি ২২ বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিয়মিত এ কর্মসূচি পালন করে আসছে। বিশেষজ্ঞ চিকিৎসকসহ দিনব্যাপী ৬০ থেকে ৭০ জনের একটি প্রতিনিধি দল প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
ক্যাম্পস্ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত সাতদিন আগে থেকে বিভিন্ন এলাকার রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় রক্ত, প্রস্রাব পরীক্ষা, ব্লাড গ্রুপিং, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম করা হয়। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে পূর্বেই করা ওইসব রিপোর্ট দেখে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ব্যবস্থাপত্র প্রদান করেন। এ সময় অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে কিছু ওষুধও সরবরাহ করা হয়। এ ছাড়া প্রায় দুই'শ চক্ষু রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরবর্তীতে তাঁদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে।
কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এই তালিম ঘরে রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো— গ্রামের অসহায় হতদরিদ্র যাঁরা শহরে গিয়ে উন্নত চিকিৎসা সেবা নিতে পারেন না, তাঁদেরকে চিকিৎসা সেবার আওতায় আনা। সখীপুরে হাসপাতাল প্রতিষ্ঠা করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চিকিৎসা সেবা নিতে আসা বাছিরন বেগম (৫৫), রহিমা আক্তার (৪০) ও আব্দুল করিম (৬৫) আজকের পত্রিকাকে বলেন, পাঁচদিন আগে এখানে রক্ত পরীক্ষা করাইছি, আজকে ঢাকার বড় ডাক্তারকে দেখাবো। প্রতি বছরই এখানে বড় বড় ডাক্তরেরা আসেন।