ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তরপাড়া খেলার মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বক্তব্যে তিনি ঘাটাইলের সর্বস্তরের জনগণের সামনে দলের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, এনসিপি ক্ষমতার নয়, বরং ব্যবস্থার পরিবর্তন করতে রাজনীতিতে এসেছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাষ্ট্রীয় সকল স্তরে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে শিল্পায়ন, কারিগরি শিক্ষা এবং উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। পাশাপাশি ঘাটাইল অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, সিন্ডিকেট দমন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরো বলেন, আমরা আমাদের ইশতেহারে বলেছি সাময়িক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুন প্রজন্ম আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা নিজেরা আরো শক্তিশালী হবো। তিনি বলেন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেয়া হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা বিক্রি হন তাহলে আগামীতে আপনারা স্বামী ও সন্তানদের হারাবেন। একটি রাজনৈতিক দল বলছেন কৃষকদের রীন মওকুফ করে দিবেন বলেছেন। কৃষক কার্ড দিবেন। বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন। এছাড়া তিনি গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
বিকেল থেকেই উত্তরপাড়া খেলার মাঠে এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। জাতীয় নাগরিক পার্টির স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তব্যের একপর্যায়ে আসিফ মাহমুদ বলেন, “আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য আসিনি, আমরা এসেছি ব্যবস্থার পরিবর্তন করতে। আপনাদের একটি ভোট হবে আগামীর সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের ভিত্তি।”
পথসভার শেষে স্থানীয় নেতৃবৃন্দ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
শান্তিপূর্ণভাবে সভা শেষ হলেও ঘাটাইলজুড়ে সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।