ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কাছে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ (আট ভাগের এক ভাগ) ভোট পেতে ব্যর্থ হওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় বলে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
জামানত হারানো প্রার্থীরা হলেন- বাংলাদেশ কংগ্রেসের এ কে এম শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, জাতীয় পার্টির মোজাম্মেল হক, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হাসরত খান ভাসানী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। অন্যদিকে, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল হরিণ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট, জাতীয় পার্টির মো. মোজাম্মেল হক (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৬৩৬ ভোট। বাংলাদেশ কংগ্রেসের এ কে এম শফিকুল ইসলাম (ডাব) পেয়েছেন ১০৯ ভোট, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বীথি (মাথাল) ২২১ ভোট, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক) ২৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. হাসরত খান ভাসানী (একতারা) ১ হাজার ১৮৯ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (তারা) পেয়েছেন ১ হাজার ৯২ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯২ হাজার ৪৮১ জন। বাতিল হয়েছে ৪ হাজার ৪০১ ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৮৮ হাজার ৮০।