ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শেরপুর-১ আসনে (সদর) দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাতে শেরপুর পৌরসভার নওহাটা শাপলা চত্বর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেনের সভাপতিত্বে পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ড জামায়াত আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মো. আনোয়ার হোসাইন, এনসিপির জেলা সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, বাংলাদেশ খেলাফতে মজলিশের শেরপুর জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হালিমসহ আরো অনেকেই। সমাবেশে এগারো দলীয় জোট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাদের তাওফিক দান করেন বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের আকাংখা, এদেশের মানুষের প্রকৃত মুক্তি, অধিকার ফিরিয়ে আনার যে টার্গেট, সেই লক্ষ্যকে হাসিলের জন্য আমরা ১২ তারিখে দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছি। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার একটি একটি করে তিনটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। তাঁদের অধিকার ভুলন্ঠিত করেছে। ঠিক একই পায়তারা আজ নতুন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কেউ কেউ করতে চাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা যদি ফ্যাসিবাদি কায়দাকে বেছে নেন তাহলে ফ্যাসিবাদিদের যে ভাগ্য হয়েছিল সেই ভাগ্যকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আগামী দিনে আমরা আর নতুন করে কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে দিবো না। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলে জনতাকে সাথে নিয়ে এগারো দলীয় জোটসহ সবাই মিলে ঐক্যদ্ধভাবে তা নস্যাত করে দেওয়া হবে।